চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের এই আদেশ দিয়েছেন। আদেশের মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
এর আগে কারাগার থেকে চিন্ময়সহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ গঠনের পাশাপাশি রাষ্ট্রপক্ষকে সাক্ষীদের পর্যায়ক্রমে হাজির করে সাক্ষ্যগ্রহণেরও আদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস ইউ এম নুরুল ইসলাম বলেন, প্রধান আসামি চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। নির্ধারিত দিনে সাক্ষ্য নেওয়া শুরু হবে। অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয়েছে বিচার কাজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭,১৪৮, ১৪৯, ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় আনা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
অপরদিকে বাদিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, আসামিদের অব্যাহতির আবেদন করা হয়েছিল। আদালতে শুনানি শেষে নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দিয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি মামলার বাদীর সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।
আদালত সূত্র জানায়, চিন্ময়কে আদালতে হাজির করার আগে সোমবার ভোর থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। মোতায়েন ছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির শতাধিক সদস্য। কড়া নিরাপত্তার মাধ্যমে সকালে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, চিন্ময়ের রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়েছিল চট্টগ্রামের আদালতে। ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পড়ে চিন্ময় সমর্থকরা।
সংঘর্ষের একপর্যায়ে বিকালের দিকে আদালত ভবন থেকে দূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন নগরীর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা সবাই চিন্ময়ের অনুসারী হিসেবে পরিচিত। মামলার ৩৯ জন আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক আছেন।
সময়ের আলো/আআ