জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত ১০ হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রারের কাছে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলায় মোট ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানকেও মামলার আসামি করা হয়েছে।
সূত্র জানায়, জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে দেশের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত অস্ত্রধারীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পরে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে অন্য অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।
সময়ের আলো/আআ