মানিকগঞ্জের সিংগাইরে গরু চুরির সময় জনতার গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭) ও ছয়ানি গ্রামের বান্ধু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানায়, চোর চক্র রাতের আঁধারে ইমামনগর গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা দুই চোরকে আটক করে গণধোলাই ধরে ফেলে। চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতির হলে তাদের ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মজনু ও দ্বীন ইসলামের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের তালিকাভুক্ত অপরাধী ছিলেন।
আরও পড়ুন
এলাকাবাসীরা জানান, আটকের পর নিহত দুইজন তাদের সঙ্গে থাকা আরও তিন সহযোগীর নাম প্রকাশ করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্র এলাকায় একাধিক চুরির সঙ্গে জড়িত ছিল। এর আগেও কয়েকবার তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছিল।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ বর্তমানে ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সময়ের আলো/আআ