মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পের আওতায় ১টি বেজমেন্টসহ আধুনিক ১০ তলা ভবন নির্মিত হবে, যা জাতীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম, পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি, আরবান বিল্ডিং সেফটি প্রকল্পের টিম লিডার কাজুহিরো মিইয়াতাকি এবং প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সোহেল রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বেস আইসোলেশন প্রযুক্তির প্রয়োগ, যা বাংলাদেশে এই প্রথম কোনো ভবনে ব্যবহার করা হচ্ছে। এ প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্পের সময় ভবনকে ভূমির কম্পন থেকে বিচ্ছিন্ন রাখা সম্ভব হবে, ফলে ভূমিকম্পজনিত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং জরুরি পরিস্থিতিতেও ভবনটি কার্যকর থাকবে। সাম্প্রতিক ভূমিকম্পের অভিজ্ঞতার প্রেক্ষাপটে এ উদ্যোগকে দেশের ভূমিকম্প সহনশীল অবকাঠামো উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। প্রায় ৫ দশমিক ১৬ বিলিয়ন টাকা ব্যয়ে: ১০ তলা (১টি বেজমেন্টসহ) ভবনটি নির্মাণ করা হবে ২০২৫-২০২৮ সাল মেয়াদে। এতে থাকবে হেলিপ্যাড, অডিটোরিয়াম, আধুনিক অগ্নি ও জীবনরক্ষা ব্যবস্থা। ভবনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যেকোনো জরুরি অবস্থায় নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা সম্ভব হয়। এতে আধুনিক অগ্নি শনাক্তকরণ ও নির্বাপণ ব্যবস্থা, জীবনরক্ষা সরঞ্জাম, জরুরি সেবা সমন্বয়ের জন্য হেলিপ্যাড এবং প্রশিক্ষণ ও সরকারি কার্যক্রমের জন্য বৃহৎ অডিটোরিয়াম অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি উন্নতমানের অভ্যন্তরীণ নকশা ও ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে।
টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য পানি পরিশোধন ব্যবস্থা, জ্বালানি সাশ্রয়ী এয়ার কন্ডিশনিং, স্বয়ংক্রিয় আলোকসজ্জা এবং স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম সংযোজন করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে দক্ষ ও পরিবেশবান্ধব পরিচালনা নিশ্চিত করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর ভবন প্রকল্পটি দুর্যোগ সহনশীল সরকারি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জরুরি প্রস্তুতি আর ও জোরদার হবে এবং দেশের মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
এএডি/