বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলার আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ জানুয়ারি) বাদ আসর কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে বসে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য দিচ্ছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম।
আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুষ্টিয়া শহর পৌর আমির এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
সময়ের আলো/এআর