পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় অবৈধ সাত ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটাগুলোকে মোট ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রিয়াংকা দাসের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে সাত ইটভাটাকে দণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি ভাটাগুলোর বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে।
এর মধ্যে বেড়া উপজেলার মেসার্স সততা প্লাস ব্রিকস, একই এলাকার মেসার্স একতা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসের প্রত্যেক তিন লাখ টাকা এবং একই উপজেলার মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সাঁথিয়া উপজেলার মেসার্স এ বি এস ব্রিকস ও মেসার্স এ কে বি ব্রিকস দুটিকে তিন লাখ করে এবং একই উপজেলার মেসার্স এ এম বি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর জানান, পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বড় ধরনের এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আদায়কৃত জরিমানার টাকা ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে সেনাবাহিনী, পুলিশ, র্যাব-১২, আনসার ব্যাটালিয়ন, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং এনএসআইয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এফআর