নোয়াখালীর হাতিয়ায় ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে হাতিয়া উপজেলা সদরে ১০ দলীয় জোটের নির্বাচনি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে ও জামায়াত নেতা শাব্বির আহমেদ তাফসীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাঈফী, এনসিপির উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজ, এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক এবং ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে যুক্ত কিছু ব্যক্তি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।
এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে উৎসবমুখর ভোটের যে প্রত্যাশা তৈরি হয়েছে, একটি মহল তা নস্যাৎ করার চেষ্টা করছে। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এলডিপির পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।
জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, গত ১৭ বছরে হত্যা, গুম, খুন, হামলা ও মামলার মাধ্যমে বিরোধীকণ্ঠ রোধ করা হয়েছে। হাতিয়াতেও মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করে জনপদকে জিম্মি করে রাখা হয়েছিল। মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে।
১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি আবদুল হান্নান মাসউদ জানান, জোট ফ্যাসিবাদবিরোধী, আধিপত্যবাদ বিরোধী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। দল-মত নির্বিশেষে সবাইকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক হাতিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, অতীতে যারা মানুষের উপর অত্যাচার করেনি এবং কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলো না তারা যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ইচ্ছা করেন তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাই।
সংবাদ সম্মেলন শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।
সময়ের আলো/আআ