দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদি আমিন বলেন, বিদ্রোহী প্রার্থীরা অনেক ত্যাগী। কিন্তু তারপরেও ধানের শীষের বৃহত্তর স্বার্থে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এখানে দলীয় স্বার্থকে সবার প্রাধান্য দিতে হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত তফসিল মোতাবেক, বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু হতে যাচ্ছে দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ (বুধবার) রাতে ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট জেলায় পৌঁছাবেন। গভীর রাতে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন।
তিনি আরও বলেন, যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে সমাবেশে যোগদান করবেন। এরপর যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। তারপর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে/রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফিরবেন, ইনশাল্লাহ।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ-অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রতিটি সফরে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী, শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের মূল্যায়ন করা হবে। সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশকিছু ত্যাগী, সংগ্রামী তরুণ নেতারা।
তিনি আরও বলেন, নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উন্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিএনপি চেয়ারম্যানের এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনি প্রচারণায় প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। আমরা আহ্বান জানাই, নির্বাচনি আচরণ বিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।
সময়ের আলো/আআ