চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাছের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। তবে সংবাদ সম্মেলনে প্রার্থী আবু নাছের উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, নির্ধারিত দিনে মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও ডা. আবু নাছের নির্বাচন করবেন না। নির্বাচনি সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী চট্টগ্রাম-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন দিয়েছে।
চট্টগ্রাম-৮ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দলের নগর কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল (মঙ্গলবার) আবু নাছের ঢাকায় অবস্থান করার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। আর অসুস্থ থাকায় তিনি সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে দলের নগর কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল জোটগতভাবে অংশ নিচ্ছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে এনসিপি মাত্র একটি আসন পেয়েছিল। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে মঙ্গলবার চট্টগ্রাম-৮ আসন থেকে জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে ক্ষোভের সৃষ্টি হয় এনসিপিতে।
গতকাল মঙ্গলবার রাতে এই আসনের এনসিপির প্রার্থী জোবায়রুল হাসান আরিফ সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একদিন পর বুধবার নির্বাচন না করার ঘোষণা দিলেন জামায়াত প্রার্থী ডা. আবু নাছের। তবে প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালট পেপারে প্রার্থীর নাম ও ছবি থেকে যাবে।
সময়ের আলো/আআ