আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এই বিষয়ে জানানো হয়।
বুধবার (২১ জানুয়ারি) বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়। অনেক সময় ভোট গননা দেরি হলে অনেক গুজব তৈরি হয়। তো আজকে এই বিষয়ে জানানো হয়। কারণ, এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে। ফলে দুইটা ভোট গণনাই একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট। এজন্য কিছুক্ষেত্রে ভোট গণনার কিছুটা দেরি হতে পারে। এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে, খুব ভালোভাবে ভোটগণনা হোক, সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে ভোট গণনায়।’
উল্লেখ্য, বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা।
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/এনএ