নির্বাচনি প্রচারণার প্রথম দিনই নারায়ণগঞ্জ আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে লক্ষাধিক নেতাকর্মীর জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ মঞ্চে বক্তব্য রাখবেন তারেক রহমান বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এর আগে গতকাল বুধবার বিকেলে কলেজ মাঠে সভাঞ্চ পরিদর্শন করেছেন বিএনপির নেতারা। এ সময় মামুন মাহমুদ ছাড়াও নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এবং নারায়ণগঞ্জ-২ আসনে দলটির প্রার্থী নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মামুন মাহমুদ জানান, সকালে তিনি সিলেট সফরে থাকবেন। ফেরার পথে তিনি নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দেবেন। নারায়ণগঞ্জ-১ ও ২ আসনকে ঘিরে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ আসনের প্রার্থীদের বাইরে অন্য আসনের প্রার্থীরাও এখানে থাকতে পারেন। আমরা লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতির প্রস্তুতি নিয়েছি।
তারেক রহমানকে আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরকে চিঠি দিয়েছে জেলা বিএনপি।
সড়কপথে আসার কথা থাকলেও প্রয়োজনে হেলিকপ্টার অবতরণের সুবিধার্থে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত রাখার আবেদন জানিয়ে রেখেছে দলটি। এছাড়া সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সহায়তাও চাওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সারাদেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণার প্রথম দিনই তারেক রহমান বেশ কয়েকটি সমাবেশে যোগ দেবেন। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের সমাবেশ হয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জে আসবেন তিনি।
সময়ের আলো/আআ