জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন দেড় বছর আগে মারা যাওয়া এক মাদরাসা শিক্ষক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে ওই ব্যক্তির নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন কার্যালয়।
জানা গেছে, মৃত ওই শিক্ষকের নাম আব্দুল করিম। তিনি উপজেলার চর মাগুরীহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। ২০২৪ সালের ৩ আগস্ট মারা যান তিনি।
চর মাগুরীহাট দাখিল মাদরাসার সুপার মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা চিঠি অনুযায়ী জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৪শে জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়। যাতে ২৮০ নং ক্রমিকে ওই মৃত ব্যক্তির নাম দেখা যায়।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।
এফআর