মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মিছিলে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার কামারখাড়া ও দীঘিরপাড় এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে যায় বিএনপির কিছু নেতাকর্মী। সেখানে নাম ঘোষণা না কয়ায় প্রথম দফায় সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি নেতা সামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের অনুসারীরা।
এ ঘটনার জের ধরে দুপুর একটার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এ সময় ধারালো অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে হামলে পড়তে দেখা যায়। এতে অন্তত ১০ জন আহত। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনরুল হক জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় দফায় সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর