বিএনপির নির্বাচনি প্রচার সভায় খেজুর খাছ প্রতীকের সমর্থকদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তারা সবাই ইসলামপন্থি দল জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশের নেতাকর্মী ও অনুসারী। তারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট চাচ্ছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়, বিএনপির নির্বাচনি সমাবেশে জমিয়তে উলামায়ের নেতাকর্মীরা তাদের মনোনীত প্রার্থীর ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে হাজির হয়েছেন। সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের (কানাইঘাট-জকিগঞ্জ) এমপি প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপি ৪টি আসন ছেড়ে দেয়। এর মধ্যে একটি জমিয়তের সভাপতি ফারুককে দেওয়া হয়েছে।
সমাবেশ মাঠে কথা হয় দক্ষিণ সুরমার বারহাল ইউনিয়নের জমিয়তের সহ সভাপতি ফরিদ উদ্দিনের সঙ্গে। তিনি সময়ের আলোকে বলেন, আমরা আশা করি অবশ্যই আমাদের নেতা বিএনপি মনোনীত প্রার্থী ফারুক সাহেব জয়ী হবেন।
ইউনিয়ন শ্রমিক জমিয়তের সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ সময়ের আলোকে জানান, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে সহযোগিতা করছেন। বিদ্রোহী প্রার্থী চাকসু মামুনকে বহিষ্কার করা হয়েছে।
মঞ্চে উবায়দুল্লাহ ফারুক বক্তব্যে বলেন, সিলেটের ১৯ আসনেই বিএনপি ও জোটের প্রার্থীরা বিজয়ী হবে। সারাদেশে বিএনপি বিপুল আসনে জয়ী হয়ে আগামীর বাংলাদেশ পরিচালিত করবে। শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
এদিকে জমিয়তে উলামায়ের সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবও খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন।
সময়ের আলো/জেডআই