স্বামী-স্ত্রীর সম্পর্ক। পৃথিবীর সুন্দর সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। অথচ, অনেক ক্ষেত্রে দেখা যায়, সামান্য বিষয় লুকাতেও স্ত্রীরা তাদের স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলেন। দৈনন্দিন জীবনে মিথ্যা কম-বেশি অনেক মানুষই বলে। মুশকিল হলো, কিছু কিছু নারী কথায় কথায় স্বামীকে মিথ্যে কথা বলেন। আর তাদের মিথ্যের উপর থেকে পর্দা ওঠার পর স্বামীর মনে ক্রমাগত রক্তক্ষরণ হয়। স্বামী নিজেদের সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। এমনকি এর কারণে স্ত্রীর সঙ্গে তৈরি হয় সমুদ্র সমান দূরত্ব। তবে, স্ত্রীরা মিথ্যা বলার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। এগুলো থেকে পরিত্রাণ পেতে চাইলে সেই কারণগুলো জেনে ব্যবস্থা নিতে হবে। তাহলেই কিন্তু সম্পর্ককে খাদের কিনার থেকে টেনে তুলে আনতে পারবেন।
অনেক সময় স্ত্রীরা নিজের একান্ত দুঃখ নিজের মনের সিন্দুকেই অবদমিত রাখতে চান। তাই তারা কারও সঙ্গেই নিজের দুঃখ ভাগ করেন না। এমনকি স্বামী তাকে এই বিষয়ে প্রশ্ন করলেও তিনি হাসি মুখে মিথ্যা বলেন। এতেই তারা খুশি। কারণ, তারা চান না যে, স্বামী তার কষ্টের বিষয়ে অবগত হোক। তাই স্ত্রীর মিথ্যা ধরা পড়ার পর একবার এই বিষয়টি যাচাই করার চেষ্টা করুন। তার আগে তাকে কোনো খারাপ-ভালো কথা বলবেন না।
আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো কালো অধ্যায় রয়েছে। আর আমরা সকলেই এই অন্ধকার বিষয়গুলোকে ধামাচাপা দিয়ে রাখতে চাই। আর এই কারণেই অনেক সময় স্ত্রী তার প্রিয় স্বামীর কাছেও মিথ্যা কথা বলেন। তিনি মিথ্যার সাহায্য নিয়েই তার কাছে ভালো হতে চান। তাই দাম্পত্যে জীবনে সুখী হতে চাইলে এই বিষয়টির সঙ্গে মানিয়ে নিতেই হবে। এতে দুঃখ পাওয়ার সত্যিই কিছু নেই।
আমরা সকলেই প্রায় নিজের নিজের ভুল লুকিয়ে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিই। আর আপনার স্ত্রীও এই তালিকারই অংশ। তাই তিনিও যে ভুল করার পর নিজেকে সেফ-সাইড রাখার জন্য মিথ্যা কথা বলবেন, এটা তো সহজেই অনুমেয়। তাই এই বিষয়ে মাথা খারাপ করে লাভ নেই। বরং, এই বিষয়টির সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে শিখবেন, ততই মঙ্গল।
স্বামীর কোনো আচরণ স্ত্রীর মনে আঘাত দিতেই পারে। কিন্তু কিছু কিছু নারী এই বিষয়টি স্বামীর সামনে আনতে চান না। কারণ তারা জানেন যে, স্বামীকে এই বিষয়ে কথা বললেই তিনি ফালতু চিৎকার করে উঠবেন। তারপর একটা লঙ্কা কাণ্ড বেধে যাবে। তাই তারা যেন-তেনভাবে স্বামীর খারাপ দিকগুলি নিয়ে নির্বাক থাকার চেষ্টা করেন। এমনকী খুব কাছের মানুষগুলোকেও এই বিষয়ে চোখ বন্ধ করে মিথ্যে কথা বলে দেন। এটাই তাদের ধর্ম।
কিছু মানুষ একদম ছোট্ট বয়স থেকেই ছোটখাট বিষয়ে মিথ্যা বলেন। তারা মিথ্যা বলে অমোঘ আনন্দ উপভোগ করেন। তাই তারা স্বামীর কাছেও মিথ্যা বলতে পিছপা হন না। আর এটাই হলো মূল সমস্যা। তাই আপনার স্ত্রীও যদি কথায় কথায় মিথ্যা বলেন, তাহলে তার স্বভাবগত দিকটি বিচার করুন। প্রয়োজনে বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ নিন। তাহলেই আপনি এই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন।
আর সকল ঝামেলার কেন্দ্রবিন্দু হলো সন্দেহপ্রবণ হওয়া। তাই সন্দেহ করা কমিয়ে দিয়ে সহজ স্বীকারোক্তির জন্য সুন্দরভাবে প্রশ্ন করুন। এতে করেও মিথ্যা উত্তর কম পাবেন।
সময়ের আলো/এনএ