বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় নরসিংদী শহরের বাসাইল পৌর পার্ক সংলগ্ন জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারেক রহমান বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, একমাত্র তারাই মানুষদের রক্ষা করতে পারবে এবং এই দেশটাকে তো নতুন করে গড়ে তুলতে হবে। একজন তো দিল্লি পালিয়ে গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও যায়নি, তিনি সবসময় বলেছেন, এই দেশের মাটিই আমার ঠিকানা। আমি কোথাও যাব না। তাই এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা ৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। সে স্বাধীনতা ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের ছাত্র-জনতা, নারী, শ্রমিক, পেশাজীবী সব ধরনের মানুষ এই স্বাধীনতাকে রক্ষা করেছে। আপনার কথা বলার অধিকার, ভোটের অধিকার তারা নিজের জীবন বিসর্জন দিয়ে ফিরিয়ে এনেছে। যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। আর যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর তথাকথিত নির্বাচনে কি কোনো জনসভা করতে দিয়েছিল? ভোটের অধিকার দিয়েছিল? শুধু ছিল গুম, খুন, ও গায়েবি মামলা, ও বিদেশে টাকা পাচার। সেজন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এই রকম খারাপ। স্কুল-কলেজ, হাসপাতালগুলোর অবস্থা জীর্ণ হয়ে গেছে। বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা বলি দেশ সবার আগে। আগামী নির্বাচনে ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই সবার আগে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে।
পরে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হোসেন, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
এদিকে, তারেক রহমানের নরসিংদীতে আগমন উপলক্ষ্যে বিকেল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে মিছিল সরকারে যোগ দিতে থাকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হতেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সন্ধ্যা পেরিয়ে রাত যত বাড়তে থাকে, নেতা-কর্মী ও সমর্থকদের সংখ্যাও তত বাড়তে থাকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং তার দিকনির্দেশনা মূলক বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত করে অধীর আগ্রহে অপেক্ষা করে।
সময়ের আলো/আআ