ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আমুল সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের মাধ্যমে মসজিদের সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘মসজিদ নির্মাণ করা একটি উত্তম কাজ। আমাদের যাদের সুযোগ আছে, যার যে সামর্থ্য আছে আমরা সবসময় যেন কল্যাণের কাজ করে যেতে পারি। সবসময় যেন সদকায় জারিয়ার কাজ করে যেতে পারি। আমরা চলে যাব। কিন্তু আমাদেরকে যেন সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, যেভাবে আমরা শহিদ উসমান হাদিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সবাই প্রত্যেকের মোনাজাতে, দোয়ায় আমরা আমাদের উসমান হাদিকে রাখছি।’
তিনি বলেন, ‘ডাকসুর পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, আমরা প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করবো এবং তার চেয়ে বহুগুণ কাজ করবো। ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে যতগুলো কাজ করেছি সেগুলো দুই-একদিনের মধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করবো।’
ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করে তিনি আরও বলেন, ‘এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে প্রকল্প শুরু হচ্ছে, এই ধরনের লাইব্রেরি কেন্দ্রিক আরও কিছু প্রকল্প শুরু করা এবং এগুলো যেন টেকসই অবস্থানে থাকে তা নিশ্চিত করা। ক্ষমতায় যেই আসুক যেন কেউ ধর্মচর্চার ক্ষেত্রে কোনো ধরনের ইসলাম বিদ্বেষ তৈরি করতে না পারে এবং অন্যান্য যে ধর্মাবলম্বী আছে তাদেরও যেন অধিকার সুনিশ্চিত হয়।’
সময়ের আলো/কেএইচও