দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি অফিসের ডাটাবেজের পাসওয়ার্ড আত্মীয়কে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী তহশিলদারের বিরুদ্ধে। উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটেছে। এতে ভূমি অফিসের নথিপত্র ও ডিজিটাল সিস্টেমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ উঠেছে, অফিসের কম্পিউটারের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ন্ত্রণ করছেন করছেন নারায়ণ নামের এক ব্যক্তি। যার এই দপ্তরে কাজের কোনো বৈধ এখতিয়ার নেই। গত ১৯ জানুয়ারি অফিসে কর্মকর্তা না থাকলেও সহকারী তহশিলদারের চেয়ারে বসে কাজ করেন ওই ব্যক্তি।
এ সময় তিনি সরকারি কম্পিউটারের গোপন পাসওয়ার্ড ব্যবহার করে ডেটাবেজের বিভিন্ন নথিপত্র (ডকুমেন্ট) সংযুক্ত করেন।
পরিচয় জানতে চাইলে তিনি জানান, তহশিলদার তাকে কয়েকদিনের জন্য কাজ করতে এনেছেন। তবে নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে বললে তিনি স্বীকার করেন যে, তিনি ‘আন-অফিসিয়ালি’ কাজ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী তহশিলদার মোতালেব হোসেন দাবি করেন, নারায়ণ তার আত্মীয় এবং ঘোড়াঘাটে বেড়াতে এসেছেন। তবে অফিস কক্ষে বসে নারায়ণের কম্পিউটারে কাজ করার ভিডিও ফুটেজের কথা জানালে তিনি এড়িয়ে যান এবং অস্বীকার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমি অফিস একটি অত্যন্ত সংবেদনশীল দফতর। এখানে জমির খতিয়ান, নামজারি ও রেকর্ড সংশোধনসহ নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এখানের পাসওয়ার্ড ব্যবহার করে বহিরাগত লোক কাজ করলে জালিয়াতি, তথ্য পাচার ও নথি বিকৃতির শঙ্কা তৈরি হয়। ভূমি অফিস ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অনিয়মের কথা শোনা যাচ্ছে। কিন্তু কার্যকর তদন্ত না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ জানান, তহশিলদারের বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তি তার আত্মীয় এবং এলাকা ত্যাগ করবেন নিশ্চয়তা দিয়েছেন।
সময়ের আলো/আআ