এবার স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে তিনি জেলার ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
আসিফ নজরুল বলেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর।
আইন উপদেষ্টা আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এই নির্বাচনে দুটি বৈশিষ্ট্য আছে। পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত ও দৃঢ়তর হোক, এজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ উপস্থিত ছিলেন।
এফআর