নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে এক ব্যস্ত ক্যাম্পগ্রাউন্ডে ভূমিধসের ঘটনায় চাপা পড়ে ছয়জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনার পর টানা দুইদিন উদ্ধার অভিযান চলে। পরে নিখোঁজদের মৃত ধরে উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে নিউ জিল্যান্ড কর্তৃপক্ষ।
শনিবার (২৪ জানুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে ঘটনাস্থলের ময়লা আবর্জনার মধ্যে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। ফলে এখন লাশ উদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর এএফপির।
বার্তা সংস্থাটি জানায়, নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলে জনপ্রিয় পর্যটন স্থান মাউন্ট মাউঙ্গানুইতে ভারি বৃষ্টির পর ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ের ঢাল থেকে প্রচুর মাটি ও আবর্জনা তৌরাঙা শহরের ওই ক্যাম্পগ্রাউন্ডটিতে নেমে আসে। ক্যাম্পগ্রাউন্ডটি তখন গ্রীষ্মের ছুটি কাটাতে আসা লোকজনে ভরা ছিল।
এ ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ হন। এদের মধ্যে সবচেয়ে ছোটজনের বয়স ১৫ বছর। তারা সবাই মারা গেছেন বলে ধরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার টিম আন্ডারসন বলেছেন, দুঃখজনকভাবে এটা এখন স্পষ্ট যে তাদের আর জীবিত বাড়ি ফিরিয়ে নিতে পারবো না আমরা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান বন্ধ করে মৃতদেহ বের করার অভিযান শুরু করা হচ্ছে। ঘটনার পরপরই যারা প্রথম উদ্ধার করতে এসেছিল তারা গলার আওয়াজ পেলেও পরবর্তীতে ধ্বংসস্তূপের মধ্যে আর কোনো প্রাণের লক্ষণ শনাক্ত হয়নি।
প্রধান ময়নাতদন্তকারী কর্মকর্তা আনা টুটন জানিয়েছেন, তার দফতর এখন নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে।
নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানিয়েছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। লাক্সন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন আর নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নিউ জিল্যান্ডের দমকল বাহিনী জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনুসন্ধান এলাকার একটি অংশ ধসে পড়ে। শনিবার ভারী মেশিনপত্র দিয়ে আবর্জনা সরানোর কাজ চলছে।
দমকল কর্মকর্তা মেগান স্টিফলার এক বিবৃতিতে জানান, শনিবার ওই এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে আর অনুসন্ধান এলাকা থেকে উদ্ধারকর্মীদের তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া লাগতে পারে।
গত সপ্তাহে মাউন্ট মাউঙ্গানুইয়ের প্রতিবেশী পাপামোয়াতে ভারি বৃষ্টির কারণে আরেকটি ভূমিধস হয়। পুলিশ জানিয়েছে, সেখানে দুইজন নিহত হয়েছেন।
সমযের আলো/এসকে/