চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আগামীকাল রোববার বিএনপির মহাসমাবেশ। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে পুরো চট্টগ্রামজুড়ে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ সজ্জার কাজ শেষ করা হয়েছে। অন্যান্য কাজও প্রায় শেষের পথে। মঞ্চের সামনে বসানো হয়েছে চেয়ার। টাঙানো হয়েছে শামিয়ানা।
এর আগে দুপুরে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। যাতে মহাসমাবেশে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।
এ সময় শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এদিকে, সমাবেশ উপলক্ষ্যে নগরজুড়ে সাজ সাজ রব দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ ও আশপাশের এলাকা। নগরীতে শনিবার দিনভর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চলেছে মাইকিং। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর তারেক রহমানের আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এ ব্যাপারে মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি উনার যেখানে থাকার ব্যবস্থা হোটেল রেডিসন ব্ল-তে যাবেন। ৮-১০ জন নিয়ে উনি আসবেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের লোকজন চলে এসেছে। শনিবার সকাল ৭টায় তারা পৌঁছেছে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে আসছেন তিনি। রোববার বেলা ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। দুপুরের মধ্যে সমাবেশ শেষ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এফআর