আসন্ন জাতীয় নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা তিনটায় নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান পৌঁছায় ‘ভোটের গাড়ি’। সন্ধ্যা পর্যন্ত গণভোটের প্রচারণায় বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।
এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান ও পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-সংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারা দেশে পরিভ্রমণ করছে।
বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট-সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত হন।
সময়ের আলো/আআ