বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রাম অবস্থান করছেন।
রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন গতকাল গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন।
আজ চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচনী সমাবেশ শেষ করে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এরপর বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন তিনি।
বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।
দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এ জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।
/ইউএমএইচ