ওড়িয়া সংগীতাঙ্গনে নেমে এলো শোকের ছায়া। ভারতের খ্যাতনামা সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার অভিজিৎ মজুমদার আর নেই।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এই শিল্পী। উচ্চ রক্তচাপ, লিভারের জটিলতা এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে তার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। শুক্রবার রাতেই হঠাৎ তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।
জানা গেছে, গত বছরের আগস্ট মাস থেকেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ মজুমদার। সে সময় তাকে কটকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা পরীক্ষায় তার শরীরে সোডিয়ামের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার তথ্য পাওয়া যায়।
আরও পড়ুন
২০০০ সালের গোড়ার দিকে সংগীতজগতে যাত্রা শুরু করেন অভিজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ওড়িয়া চলচ্চিত্র ও অডিও অ্যালবামের জন্য অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি করেছেন। প্রায় ৩০ বছরের কর্মজীবনে সাত শতাধিকের বেশি গান রচনা ও সুর করেছেন তিনি।
‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘সুন্দরগড়’ ‘সলমন খান’ ও ‘শ্রীমান সুরদাস’-সহ একাধিক চলচ্চিত্রে তার সৃষ্ট সুর আজও দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে।
তার মৃত্যুতে ওড়িয়া সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সহশিল্পী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন এই গুণী সংগীতজ্ঞকে।
এএডি/