চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি মহাসমাবেশে যাওয়ার পথে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়াও সমাবেশে পদদলিত হয়ে আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাইদুল ইসলাম (১৪)। সে নগরীর এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবু নামে এক বিএনপি নেতার ছেলে এবং সে অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে একটি মিছিল পলোগ্রাউন্ডের দিকে যাচ্ছিল। পথে ভিডিও ধারণ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সাইদুল। পরে তাৎক্ষণিক তাকে নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে পদদলিত হয়ে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।
তাদের মধ্যে একজনের নাম রাকিব (২৫)। অন্যজনের নাম জানা যায়নি। রাকিব চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসিন্দা।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পলোগ্রাউন্ডের সমাবেশে যাওয়ার পথে সাইদুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়াও আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় চমেকে ভর্তি করা হয়েছে।
এফআর