এক বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরেছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। তার নতুন সিরিয়াল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ বর্তমানে টেলিভিশনে প্রচারের শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। পাকিস্তান ছাড়িয়ে এই সিরিয়ালটি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫ সালের ৭ নভেম্বর এআরআই ডিজিটালে প্রচার শুরু হয় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’।
ইউটিউবে প্রতিটি পর্বই কোটির বেশি ভিউ পাচ্ছে। চলতি বছরের জানুয়ারির শুরুতেই সিরিয়ালটির মোট ভিউ ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন। সিরিয়ালের টাইটেল গানটিও আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। গানটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় ধারাবাহিকটি নির্মাণ করেছেন মুসাদ্দিক মালেক।
হানিয়া এবার জুটি বেঁধেছেন আরেক পাকিস্তানি সেনসেশন, অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে। সিরিয়ালের কাহিনীতে তাদের চরিত্র আইরা ও কাময়ার রসায়ন দর্শকের মধ্যে অনেক প্রশংসিত হয়েছে, বিশেষ করে তাদের রোমান্টিক মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রেম, বিশ্বাস, ভুল বোঝাবুঝি ও আবেগের টানাপড়েন কেন্দ্র করে গল্প এগিয়েছে, যেখানে কাময়ার ও আইরার সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
তবে সব সাফল্যের মধ্যেও কিছু সমালোচনাও উঠে এসেছে সিরিয়ালের কাহিনী নিয়ে। অনেক দর্শক মনে করছেন, গল্পের ধীরগতি এবং অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারের কারণে কাহিনীর উপস্থাপন সংক্ষিপ্ত হলে সিরিয়ালটি আরও উপভোগ্য হতে পারত।
হানিয়া আমিরের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে দর্শকের কাছে। ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছিল। এবারও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে তার অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ ও ‘আনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। গত বছরের মাঝামাঝিতে ‘সর্দার জি ৩’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এ ছাড়া ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।
এএডি/