জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা নির্বাচনে প্রভাব বিস্তারের আশঙ্কা করছি। আদালতের উপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, আগে ক্ষমতাসীনদের ৪০-৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হতো। কিন্তু বর্তমানে আমরা দেখছি বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ নিয়ে এসে মব ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনি পদযাত্রার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের নির্বাচনি প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। তাছাড়া হ্যাঁ ভোট জয়যুক্ত করার জন্য আমরা প্রচারণা করব। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এবং আমাদের ইশতেহারের বিভিন্ন বিষয় প্রচারণায় উপস্থাপন করা হবে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ইশতেহার প্রকাশ করব।’
তিনি বলেন, ‘আমরা এই পদযাত্রার মাধ্যমে জোটের সব দলের প্রার্থীদের পক্ষেই কাজ করব। আমরা একসঙ্গে একদিকে না গিয়ে বিভিন্ন দিকে আমাদের কণ্ঠ ছড়িয়ে দেওয়ার চিন্তা করেছি। আমরা আমাদের দলীয় প্রার্থীদের পাশাপাশি জোটের প্রার্থীদেরও প্রচারণা করব।’
তিনি আরও বলেন, ‘দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দ্বৈত নাগরিকদের নির্বাচন যাতে করতে না দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।’
সময়ের আলো/কেএইচও