গাইবান্ধার গোবিন্দগঞ্জে জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে হামলা শিকর হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় হামলাকারীরা পুলিশের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এস আই মমিনুল।
জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সূত্র জানায়, রবিবার (গতকাল) রাত সাড়ে আটটার দিকে বাগদা বাজার এলাকায় জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় বাড়ির ভিতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করা হয়। এতে উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা, কায়েস ও মমিনুল আহত হয়।
পরে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী'র নেতৃত্বে টহল পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তল্লাশি চালিয়েছে সেনাবাহিনীর একটি দল। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আআ