উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘ মাসে দেখা মিলছে বসন্তের আগাম বার্তা। দীর্ঘদিনের হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ শেষে জনপদ দেখেছে রৌদ্রোজ্জ্বল দিন। টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। জনজীবনে ফিরেছে স্বস্তি ও চাঞ্চল্য।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববারও তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের মানদণ্ড অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে ওঠায় এই মুহূর্তে জেলায় কোনো শৈত্যপ্রবাহ নেই।
সরেজমিনে দেখা গেছে, ভোরের আকাশ এখন কুয়াশাহীন। সূর্য ওঠার পর থেকেই ঝকঝকে রোদে চারপাশ আলোকিত হয়ে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উত্তাপ বাড়ছে। দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠায় রীতিমতো গরম অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা আবহাওয়া বসন্তের মতো মনোরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এখনো হালকা শীত রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে এখন শৈত্যপ্রবাহের কোনো প্রভাব নেই। তাপমাত্রা আজ সামান্য বেড়ে ১১ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দিনের বেলা কড়া রোদের কারণে আবহাওয়া উষ্ণ থাকছে। তবে আকাশ পরিষ্কার থাকায় রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে হালকা শীত অনুভূত হচ্ছে।
তিনি আরও জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সময়ের আলো/আআ