প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:১৭ এএম
ছবি : সংগৃহীত মানিকগঞ্জে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি জ্বলন্ত বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় পেট্রোল বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয়ের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলে সলতা লাগিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের সাদা রঙের একটি হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে বোতলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে কেরোসিনভর্তি কাচের বোতলে আগুন দিয়ে নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বস্তুটি জব্দ করেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জেডি