প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:১৩ এএম
আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লা। ছবি : সংগৃহীত ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। তারা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে হামলার ঘটনায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হন।
এদিকে, নিহত রাজু মোল্লার মরদেহ দেখতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। সেখানে তিনি নিহতের স্বজনদের সান্ত্বনা দেন এবং রাজু হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
সময়ের আলো/জেডি