গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি : সংগৃহীত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার ব্যক্তিদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে একদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। পুলিশের বাধার মুখে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ পিছু হটলে থানার ভেতরে ঢুকে হামলা চালানো হয়। এতে পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত নয়টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় অস্ত্র লুটও করে তারা।
এদিকে গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জেলার সব থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। চারটি যৌথ বাহিনীর দল রিজার্ভ সদস্যসহ অভিযানে অংশ নেয়। জেলার ১৫টির বেশি স্থানে ১৪ জনকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালানো হয়। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার রয়েছেন। ফারুক মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন মিছিল-সমাবেশে সুকতাইল ইউনিয়ন থেকে আওয়ামী লীগের ৮ থেকে ১০ হাজার কর্মী সংগ্রহ করে সদর এলাকায় সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
এ ছাড়া গোপালগঞ্জে নাশকতার পর রাজধানীর মোহাম্মদপুরে আত্মগোপনে থাকা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার ভোররাতে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসআরবি-২-এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, মো. বিল্লাল হোসেন ও মো. আবুল বাশার।
এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেফতার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন (৫৫) যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি। তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এসআরবি-২ জানায়, গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির পর ওই তিনজন ঢাকায় এসে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অবস্থান করছিলেন। তারা ওই এলাকার বাসিন্দা নন। নাশকতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি করেছে বাহিনীটি। মেজর এম মুবীন রহমান তাপস জানান, গ্রেফতারদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআরবি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি