ভিটে হারানো মানুষের নতুন ঠিকানা, প্রবাসফেরতদের নতুন আশা ‘প্রাইম’

কায়সার রহমান রোমেল, গাইবান্ধা

সারাদেশ

২০১১ সালে ভালো বেতনের আশায় দালালের কথায় আরব আমিরাতে গিয়েছিলেন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ কাতলামারী গ্রামের মোহাম্মদ সৈয়দ আলী।

2026-11-17T23:13:56+00:00
2026-11-17T23:13:56+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভিটে হারানো মানুষের নতুন ঠিকানা, প্রবাসফেরতদের নতুন আশা ‘প্রাইম’
কায়সার রহমান রোমেল, গাইবান্ধা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম 
ছবি : সময়ের আলো
২০১১ সালে ভালো বেতনের আশায় দালালের কথায় আরব আমিরাতে গিয়েছিলেন ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ কাতলামারী গ্রামের মোহাম্মদ সৈয়দ আলী। কিন্তু বলা কাজটি মেলেনি। ‘কোম্পানিটি ছিল সাপ্লাই কোম্পানি, তাদের নিজস্ব কোনো কাজ ছিল না; দালাল আমাকে অন্যের কাছে বিক্রি করে দিত,’ বলেন তিনি। ২০১৪ সালের শেষ দিকে প্রতারিত হয়ে দেশে ফেরেন; তখন চরম আর্থিক সংকটে পড়েন।

২০২৩ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রসপারিটি প্রজেক্টের সঙ্গে যুক্ত হন সৈয়দ আলী। ‘সেখান থেকে ৪টি ছাগল পাই। সেগুলো লালন-পালন করে এ পর্যন্ত ১২টিতে বাড়িয়েছি। ৩টি ছাগল বিক্রির টাকা আর নিজের সঞ্চয় দিয়ে একটি গরু কিনি, সেটি একটি বাছুরও দিয়েছে,’ বলেন তিনি। এখন তার ৪টি ছাগল ও ২টি গরু আছে; আরেকটি গরু বাচ্চা দেওয়ার অপেক্ষায়। ‘এই সহযোগিতায় সংসারে অনেকটাই স্বাবলম্বী হয়েছি।’

নদীভাঙনের শিকার শিক্ষিত বেকার যুবক আল-আমিনও একই প্রকল্পের উপকারভোগী। ২০২২ সালে তিনি একটি বকনা বাছুর পান। ‘সেটি লালন-পালন করে এখন আমাদের গোয়ালে ৬টি গরু ও গাভী রয়েছে। এর বাইরে ৯০ হাজার টাকায় আরও ২টি গরু বিক্রি করেছি। দুধ ও গরু বিক্রির আয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে,’ বলেন আল-আমিনের মা আমিনা বেগম।

ব্রহ্মপুত্র ও তিস্তার ভাঙন, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন নিয়ে সীমিত সচেতনতা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাইবান্ধায় প্রতিবছর অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়। অনেকে জীবিকার খোঁজে ঝুঁকিপূর্ণ অভিবাসনে গিয়ে মানবপাচারের ঝুঁকিতে পড়েন।

এই বাস্তবতায় ২০২০ সালে জিইউকে, এডব্লিউও ইন্টারন্যাশনাল ও জার্মানির বিএমজেডের অর্থায়নে শুরু হয় প্রসপারিটি। ২০২০-২০২৫ সালে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়নে প্রকল্পটি ১ হাজার ৪৭ জনকে জীবিকা সহায়তা দেয়। এর মধ্যে কৃষিবহির্ভূত খাতে সহায়তা পেয়েছেন ২১০ জন; তাদের ১৩০ জন সেলাই মেশিন ও প্রশিক্ষণ, ২০ জন ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স মেরামতের প্রশিক্ষণ, ৩৯ জন ক্ষুদ্র ব্যবসার সহায়তা এবং ২১ জন এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পেয়েছেন। কৃষিভিত্তিক সহায়তা পেয়েছেন ৭৬৬ জন; এর মধ্যে ১৯২ জন গরু, ২৬৬ জন জনপ্রতি চারটি করে ছাগল, ১৯০ জন সবজি চাষের সহায়তা, ৬০ জন ভার্মিকম্পোস্ট, ৪৩ জন উন্নত জাতের ব্রিডিং বাক এবং ১৫ জন হাইড্রোপনিক কৃষির সহায়তা নিয়েছেন। বাকি ৭১ জন অন্যান্য সহায়তার আওতায় ছিলেন। নদীভাঙনে সর্বস্ব হারানো ১০৪ পরিবারের ৩২৬ জনকে ক্লাস্টার ভিলেজে স্থায়ীভাবে পুনর্বাসনও করা হয়েছে, যেখানে আছে নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, জীবিকাভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা। প্রকল্পের দাবি, এসব পরিবার এখন স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করছে।

সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে শুরু হয়েছে ‘প্রাইম’ (প্রমোটিং সেইফার মাইগ্রেশন অ্যান্ড সোশ্যো-ইকোনমিক রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্টস)। চলবে ২০২৮ সাল পর্যন্ত। আগের ছয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে রামচন্দ্রপুর এবং ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন। এখন আট ইউনিয়নের ৭২ ওয়ার্ডে ২ হাজার ৮৪০ পরিবারের ১১ হাজার ৮৭৪ জন সরাসরি এবং ১ লাখ ৭২ হাজার ৮৭৩ জন পরোক্ষভাবে সুবিধা পাচ্ছেন।

পাচার ঠেকাতে আটটি ইউনিয়নে কাউন্টার ট্র্যাফিকিং কমিটি সক্রিয় করা এবং মাইগ্রেশন ইনফরমেশন ডেস্ক বসানো হচ্ছে। হবে তিনটি গণশুনানি; লোকসংগীতের মাধ্যমেও চলবে সচেতনতা। দুই উপজেলার কমিটিকে শক্তিশালী করা হবে। জেলা পর্যায়ে হবে গোলটেবিল বৈঠক ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংলাপ; জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে সংলাপ, নীতিনির্ধারকদের নিয়ে দুটি সেমিনার, জাতীয় টেলিভিশনে দুটি টক শো এবং নিরাপদ অভিবাসন নিয়ে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ার পরিকল্পনাও আছে।


জীবিকার দিকে লক্ষ্য ১৪২টি কমিউনিটি সেলফ হেল্প গ্রুপ, ১০০ জনকে গরু ও ৮৮০ জনকে জনপ্রতি চারটি করে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেওয়া হবে। দুটি নতুন ক্লাস্টার ভিলেজে ৪০ পরিবারের পুনর্বাসনও হবে। ১ হাজার ১০ জন সদস্য পাবেন প্রাণিসম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ, ৪২০ জন স্মার্ট অ্যাগ্রিকালচার সহায়তা এবং ৪০ জন ক্ষুদ্র ব্যবসার স্টার্ট-আপ সহায়তা। বসবে চারটি মিল্ক কালেকশন সেন্টার ও চারটি সবজি-কৃষিপণ্য কালেকশন সেন্টার; কৃষি সমবায় গঠন ও বাজার সংযোগের কাজও চলছে। এ পর্যন্ত ৫৪ জন গরু, ১২০ জন ৪৮০টি ছাগল পেয়েছেন; ৪০ জন আদা চাষের প্রশিক্ষণ ও উপকরণ নিয়েছেন।

জিইউকের প্রসপারিটি/প্রাইম প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ বলেন, ‘প্রাইম প্রকল্প শুধু নিরাপদ অভিবাসনেই সীমাবদ্ধ নয়। অভিবাসী, বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়নে আমরা বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছি।’ তার ভাষ্য, ‘চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, আয়বর্ধক কার্যক্রম ও স্টার্ট-আপ সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছি এবং সামাজিক পুনঃএকত্রীকরণে সহায়তা করছি, যাতে তারা সমাজ ও অর্থনীতির মূলধারায় ফিরতে পারেন।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান বলেন, ‘জিইউকের প্রসপারিটি/প্রাইম প্রকল্প এ অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষ এবং প্রবাসে প্রতারণার শিকার প্রবাসফেরতদের পাশে দাঁড়িয়েছে প্রকল্পটি।’

সৈয়দ আলীর ছাগল-গরুর হিসাব ছোট। তবে ৮৮০ জনের ছাগল-লক্ষ্যের বিপরীতে এখন পর্যন্ত পেয়েছেন ১২০ জন; প্রকল্পের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভিটে হারানো মানুষ  নতুন ঠিকানা  প্রবাসফেরত  নতুন আশা  প্রাইম  সময়ের অলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: