প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম
সংগৃহীত ছবিগাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত আঁখি বেগমের সতিন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী ও আদিল তাদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই