প্রায় দুই সপ্তাহ আগে থেকে এসব এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ছবি : সময়ের আলোগাইবান্ধার ফুলছড়িতে শুকনো মৌসুমেই যমুনা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ ভাঙন শুরু হওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কোথাও নদীতীরের মাটি ধসে পড়ছে, আবার কোথাও ভাঙন রোধে আগে ফেলা জিওব্যাগ নদীগর্ভে বিলীন হচ্ছে। বিশেষ করে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা, রতনপুর ও বানিয়াপাড়া এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারানোর আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, নদীভাঙন ঠেকাতে চলমান স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। প্রকল্পের কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় বালুভর্তি জিওব্যাগ প্রস্তুত করে মজুত রাখা হলেও সেগুলো ঝুঁকিপূর্ণ স্থানে ফেলা হচ্ছে না। ফলে একদিকে ভাঙনের তীব্রতা বাড়ছে, অন্যদিকে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় বাড়ছে স্থানীয়দের ক্ষোভ ও উদ্বেগ।
সরেজমিনে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে পানি কম থাকলেও স্রোতের গতি বেশ লক্ষণীয়। নদীতীর সংরক্ষণে আগে ফেলা জিওব্যাগের অনেকগুলো ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। কোথাও জিওব্যাগের ভেতর থেকে মাটি ও বালু সরে গিয়ে সেগুলো কার্যকারিতা হারাচ্ছে। খেয়াঘাট এলাকায় বালুভর্তি বেশ কিছু জিওব্যাগ মজুত করে রাখতেও দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকে এসব এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। তবে গত এক সপ্তাহে মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় ভাঙনের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। অল্প সময়ের ব্যবধানে নদীতীর রক্ষায় আগে ফেলা জিওব্যাগসহ প্রায় ৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে কাটাদ্বারা থেকে কিছুটা দক্ষিণে বানিয়াপাড়া এলাকাতেও গত এক সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত কয়েকটি পয়েন্টে নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে।
কাটাদ্বারা ঘাট এলাকার বাসিন্দা সাদা মিয়া বলেন, নদীভাঙন রোধে সরকার বরাদ্দ দিয়েছে, অথচ ঠিকাদার কাজ করছেন না। বস্তায় বালু ভরে প্রস্তুত করে রাখা হয়েছে। সেলাই করে সেগুলো দ্রুত ভাঙনকবলিত স্থানে ফেললেই কিছুটা হলেও ভাঙন ঠেকানো সম্ভব। কিন্তু জিওব্যাগগুলো নদীতে না ফেলে এক জায়গায় জমা করে রাখা হয়েছে। এভাবে সময়ক্ষেপণ করলে নদী আরও ভাঙবে, আর আমাদের ঘরবাড়ি ও জমিজমা নদীতে বিলীন হয়ে যাবে।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। কাটাদ্বারা খেয়াঘাটে ভাঙনের তীব্রতা বাড়ার পর কিছু জিওব্যাগ ফেলা হলেও পরবর্তী সময়ে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। অন্যদিকে, প্রয়োজনীয় জিওব্যাগ প্রস্তুত করে রাখা সত্ত্বেও সেগুলো ঝুঁকিপূর্ণ স্থানে ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের পাশাপাশি স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন তারা।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম বলেন, ভাঙনকবলিত ওই এলাকায় ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। সেখানে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু জিওব্যাগ রয়েছে। সেগুলো দিয়ে ভাঙনকবলিত এলাকায় যতটা সম্ভব ভাঙন রোধের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, ভাঙনকবলিত এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে। গণনা শেষ হলে সেগুলো ফেলা হবে।
সময়ের আলো/এনএন