মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলোবাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টির ১৮টি শিক্ষক পদের মধ্যে ১২টিই দীর্ঘদিন ধরে শূন্য। ফলে ৪৮০ শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র ছয়জন শিক্ষক দিয়ে। সবচেয়ে উদ্বেগের বিষয়, বালিকা বিদ্যালয়টিতে কোনো নারী শিক্ষক নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪৮০ জন শিক্ষার্থী রয়েছে। অথচ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ মোট ১২টি শিক্ষক পদ শূন্য। এ ছাড়া অফিস সহকারীর দুটি পদই খালি। চতুর্থ শ্রেণির কর্মচারীর পাঁচটি পদের একটিতেও কেউ কর্মরত নেই।
বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দাফতরিক কাজ সামলাতে গিয়ে তার পক্ষে নিয়মিত পাঠদান করা সম্ভব হচ্ছে না। অন্য পাঁচ শিক্ষকের মধ্যে দুজন ইসলাম ধর্ম, একজন ভূগোল, একজন কৃষি এবং একজন ইংরেজি বিষয়ের শিক্ষক। এই পাঁচজন দিয়েই চলছে ৪৮০ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম।
১৯৮৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিদ্যালয়টিকে সরকারি করেন। সরকারি হওয়ার আগে থেকেই স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় ভালো ফলাফলের পাশাপাশি সুনাম ধরে রেখেছিল প্রতিষ্ঠানটি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম জানান, ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে স্থানীয় ৮ থেকে ১০ জন শিক্ষক অবসরে যাওয়ায় সংকটের শুরু। এরপর শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দফতরে বারবার আবেদন করেও নতুন শিক্ষক পাওয়া যায়নি। ২০২৪ সাল থেকে মাত্র ছয়জন শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, একজন শিক্ষককে প্রতিদিন সাতটি পর্যন্ত ক্লাস নিতে হচ্ছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে দুটি করে বিভাগ থাকলেও শিক্ষক সংকটের কারণে সেগুলো একীভূত করে পাঠদান করানো হচ্ছে। বর্তমানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গণিত, ব্যবসায় শিক্ষা ও ভৌত বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক-কর্মচারী মিলিয়ে বিদ্যালয়টিতে মোট ১৯টি পদ খালি। বালিকা বিদ্যালয় হওয়া সত্ত্বেও নারী শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক এইচ এম শহিদুল ইসলাম বলেন, তার তিন মেয়ে এ বিদ্যালয়ে পড়ে। শিক্ষক সংকটের কারণে তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত শিক্ষক নিয়োগ না দিলে আসন্ন এসএসসি পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশা প্রকাশ করে বলেন, নতুন শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শেষ হলে বিদ্যালয়টি প্রয়োজনীয় শিক্ষক পাবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, শিক্ষক চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দেওয়া হয়েছে। উপকূলীয় উপজেলা হওয়ায় এখানে শিক্ষকরা আসতে চান না। তবে শিক্ষক পাওয়ার জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই