প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি : সংগৃহীতদুই দিন শান্ত থাকার পর ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায়। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা আশপাশের সড়ক ও গলিতে অবস্থান নিলে ওই এলাকায় থেমে থেমে চলতে থাকে সংঘর্ষ।
অন্যদিকে, বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, ফুলবাড়িয়া এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছিল। পরে ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে শ্রমিকেরা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সময়ের আলো/এনএন