প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম
গ্রেফতার খোকন। ছবি : সময়ের আলোভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরে কথিত ‘খোকন বাহিনীর’ আতঙ্কে দীর্ঘদিন ধরে ভয় ভীতির মধ্যে ছিলেন সাধারণ মানুষ, কৃষক ও এলাকাবাসী। কৃষকের উৎপাদিত ধান লুট, চুরি ও অন্যের জমি দখলসহ নানা অভিযোগে অভিযুক্ত খোকন গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে দুলারহাট বাজার থেকে ধান লুটের একটি মামলায় খোকনকে গ্রেফতার করে দুলারহাট থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, মুজিবনগরের বাসিন্দা হারিস বেপারী বাদী হয়ে খোকনসহ চারজনের বিরুদ্ধে ধান লুটের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, খোকন এলাকায় ‘চোরা খোকন’ নামে পরিচিত। তার বিরুদ্ধে চুরি, অন্যের জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। তার অত্যাচারে মুজিবনগরের মানুষ অতিষ্ঠ। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোকন ও তার সহযোগীদের ভয়ে কৃষকরা জমিতে ফসল ফলানো থেকে শুরু করে ঘরে ধান তোলা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে কৃষকের উৎপাদিত ধান লুট, চুরি ও জমি দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া কথায় কথায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়া এবং জনতা বাজারসহ বিভিন্ন বাজারে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার অভিযোগও করেছেন স্থানীয়রা।
খোকনের গ্রেফতারের খবরে মুজিবনগরের কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, শুধু খোকন নয়, তার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের দাবি, বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের আতঙ্ক থেকে মুক্ত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা চান, আগামীতে যেন কোনো কৃষককে সন্ত্রাসীদের ভয়ে জমিতে ফসল ফলানো কিংবা ঘরে তোলার সময় আতঙ্কে থাকতে না হয়। নিরাপদ পরিবেশে কৃষকরা যেন নির্বিঘ্নে মাঠের সোনালি ফসল ঘরে তুলতে পারেন, এটাই এখন দ্বীপবাসীর প্রত্যাশা।
সময়ের আলো/জোই