প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম
ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ। সময়ের আলোজামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবারের আবেদনের প্রেক্ষিতে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ৫ ঘণ্টার জন্য আশিক মাহমুদকে জেলা কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন।
পরে দুপুর ১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বিকেল ৩টায় বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদ গাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিক মাহমুদ।
এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জানাজায় বাবার জন্য উপস্থিত সবার নিকট ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন আশিক মাহমুদ। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ।
আশিককে গ্রেফতারের পর তার বাবা চিক্কু মিয়া অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় সোমবার রাত ৯টায় তিনি মারা যান।
সময়ের আলো/জোই