প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। ছবি : সময়ের আলোকুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার ২০০ বন্দি থাকছেন। অতিরিক্ত বন্দির চাপে কারাগারের আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় তৈরি হয়েছে তীব্র সংকট। জায়গার অভাবে ভোগান্তিতে পড়ছেন বন্দিরা। একই সঙ্গে বাড়ছে কারা প্রশাসনের নিরাপত্তা ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। উদ্বোধনের অপেক্ষায় থমকে কারা সম্প্রসারণ প্রকল্পের আওতায় হওয়া নতুন কারাগার।
কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ৪ হাজার ২০০ বন্দিদের মধ্যে প্রায় ১৫০ জন নারী, চারজন তৃতীয় লিঙ্গের এবং একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৮০০ জন, রাজনৈতিক মামলায় বন্দি প্রায় ২ হাজার ৫০০ জন এবং ১৮ থেকে ২১ বছর বয়সী প্রায় ২০০ জন তরুণ বন্দি রয়েছেন। আলোচিত তনু হত্যা মামলার আসামি সেনাসদস্য মাহবুবও এ কারাগারে বন্দি রয়েছেন।
বন্দির তুলনায় চিকিৎসাসেবার সুযোগও সীমিত। কারাগারে চিকিৎসার জন্য মেডিকেল বেড রয়েছে মাত্র ২৫টি। এর বাইরে অস্থায়ীভাবে আরও ১২৫টি শয্যার ব্যবস্থা রয়েছে। বিপুলসংখ্যক বন্দির বিপরীতে এই সীমিত চিকিৎসা ও আবাসন সুবিধা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বন্দির চাপ কমাতে চলতি বছর ৬১০ কোটি টাকা ব্যয়ে নতুন কারাগার নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তবে উদ্বোধন না হওয়ায় এখনো সেখানে বন্দি স্থানান্তর কিংবা বন্দি রাখার কার্যক্রম শুরু হয়নি। ফলে নতুন কারাগার নির্মাণ শেষ হলেও পুরোনো কারাগারের ওপর অতিরিক্ত বন্দির চাপ এখনো কমেনি।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম বলেন, বর্তমানে ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা বেশি হওয়ায় আবাসন ও ব্যবস্থাপনায় কিছুটা চাপ রয়েছে। তবে বন্দিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ কাজ করছে। নতুন ভবনগুলো উদ্বোধন করে চালু করা হলে কয়েক দিনের মধ্যেই আসনসংকট অনেকটা কমে আসবে। পাশাপাশি অসুস্থ ও বয়স্ক বন্দিদের চিকিৎসা ও পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
সময়ের আলো/জোই