এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুটিকে বিক্রির ঘটনা ঘটে। এ নিয়ে ১২ নভেম্বর দৈনিক সময়ের আলো অনলাইনে ‘মায়ের বিরুদ্ধে ৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে শিশুটিকে উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়।
শিশুটির মা অনিকা আক্তার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক ছেলেসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স ১৫ মাস।
অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। এর মধ্যে তিনি নিজেও জটিল রোগে আক্রান্ত হন। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেলেকে অন্যের হাতে তুলে দেন।
প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে মোংলা উপজেলার ন্যবো গ্রামের শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছে দেওয়া হয়েছিল।
শিশুটির নানা পলাশ শেখ বলেন, তার বয়স হয়েছে। তিনি নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়া তার পক্ষে কঠিন।
শিশুটির মা অনিকা আক্তার বলেন, তিনি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে ছেলেকে কী খাওয়াবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তিনি ছেলেকে নিজের কাছে রাখতে চান না। যেখানে শিশু ভালো থাকবে, সেখানেই দিতে চান।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লা বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় শিশুটিকে যারা নিতে আগ্রহী, তাদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই