প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১১:০৬ পিএম
ছবি : সময়ের আলো অভাব-অনটন ও স্বামীর অবহেলার দায় দেখিয়ে ৩০ হাজার টাকায় নিজের ১৫ মাস বয়সি শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মা অনিকা আক্তারের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে চট্টগ্রামে বসে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।
অনিকা আক্তারের ভাষ্য, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান অনিকা ।
অনুসন্ধানে জানা গেছে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলায় ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। শিশুর বিনিময়ে ৬০ হাজার টাকার এই লেনদেনে মা অনিকা আক্তারের ৩০ হাজার টাকা পাওয়ার কথা। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রেতার পূর্ণ পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে একটি শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কার কাছে এবং কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে, সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়। শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় শিশুটিকে দ্রুত উদ্ধার, ক্রেতার পরিচয় শনাক্ত এবং পুরো ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে আর্থিক অসচ্ছলতা ও পারিবারিক অবহেলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটি বিক্রয়ের সাথে জড়িত ও শিশুটির মা অনিকা আক্তারসহ অভিভাবকদের সকালে হাজির হতে বলা হয়েছে। বিস্তারিত শুনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আতা