কোটি টাকা আত্মসাতের মামলায় দুই কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

সারাদেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম

2026-11-12T22:25:22+00:00
2026-11-12T22:25:22+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোটি টাকা আত্মসাতের মামলায় দুই কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম 
জেলা ও দায়রা জজ আদালত, যশোর। ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

১৯৯২ সালে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০০০ সালের ২১ মে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার ২৬ বছর পর রায় ঘোষণা করা হলো।

দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলার বাসিন্দা জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক। অন্য দুজন হলেন, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসলামী ব্যাংকের যশোর শাখার চাকরিচ্যুত সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে ব্যাংকের চাকরিচ্যুত গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন।

আদালত এনামুল হক ও জিয়াউল হককে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর এবং ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। প্রতিটি ধারায় তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ৪২০, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে এবং ৪০৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট ধারায় পৃথকভাবে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে বলা হয়েছে, আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে এই অর্থ আদায় করা হবে। বিভিন্ন ধারায় দেওয়া কারাদণ্ড একইসঙ্গে কার্যকর হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগ সুবিধা চেয়ে আবেদন করেন। পরে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তার অনুকূলে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়।

এক্ষেত্রে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয়েছিল। তবে বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়।

পরে ব্যাংকের গুদামে টায়ার ও টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউজের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। তদন্তে উঠে আসে, গুদামে নামমাত্র কিছু টায়ার ও টিউব রাখা হয়েছিল। অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয়।

পরবর্তী সময়ে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি বিনিয়োগ হিসাব সমন্বয় করা হয়। তবে বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য পাওনাসহ ১৯৯৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কোটি টাকা আত্মসাৎ  মামলা  দুই কর্মকর্তা  কারাদণ্ড  যশোর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: