প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:০৪ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১০:০৫ পিএম
জামালপুর জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত জামালপুর সদর থানা হাজতে অসুস্থ আসামিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আসামির নাম মো.শহিদুল্লাহ (৪২)।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত শহিদুল্লাহ জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি অর্থঋণের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শহিদুল্লাহকে আদালত ওই মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড দেন। ওই রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বুধবার রাত ১১টার দিকে বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে থানা হাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আগেও বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সময়ের আলো/এনএন