বাঁধ দিয়ে ৬০ বছরের পুরোনো খাল দখল। ছবি : সময়ের আলোলক্ষ্মীপুরের কমলনগরে প্রভাবশালী দখলদারদের বাধার মুখে সরকারি অর্থে পুনঃখননকৃত কাটাখালী (ভুলুয়া নদী) খালের মুখ উন্মুক্ত করার অভিযান ব্যর্থ হয়েছে। খালের শেষপ্রান্তে ভুলুয়া নদীর মোহনায় থাকা অবৈধ বাঁধটি অপসারণ না করেই প্রশাসন ফিরে আসায় সামান্য বৃষ্টিতেই চরম জলাবদ্ধতা ও জনজীবন স্থবির হয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন প্রায় ২০ হাজার মানুষ।
উপজেলার চর কাদিরা ইউনিয়নের ইসলামগঞ্জ সুইসগেট থেকে ভুলুয়া নদী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ কাটাখালী খালটি দীর্ঘ কয়েক দশক ধরে ভরাট ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে সম্প্রতি সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হয়। কিন্তু খালের শেষপ্রান্তে ভুলুয়া নদীর সংযোগস্থলে প্রভাবশালী ব্যক্তিরা এটিকে নিজেদের সম্পত্তি দাবি করে অবৈধভাবে বাঁধ দিয়ে পানিপ্রবাহ পুরোপুরি আটকে দেন। এ বিষয়ে দৈনিক সময়ের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে পিআইও কর্মকর্তা, ভূমি অফিসের কর্মী, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঘটনাস্থলে যায়। তবে প্রভাবশালী দখলদারদের শক্ত বাধার মুখে প্রশাসন মূল বাঁধটি অপসারণ না করে ফিরে আসতে বাধ্য হয়।
স্থানীয় ভুক্তভোগী শামসুল হক ও নূরজাহান বেগম ক্ষোভ প্রকাশ করে জানান, প্রভাবশালী মো. মুসলিম ও তার ছেলে নুরুল আমিনের নেতৃত্বে ভূমিদস্যুরা হাজার হাজার মানুষের পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতিতেও তারা বাধা সৃষ্টি করে। এলাকাবাসীর মতে, এস্কেভেটর (ভেকু) মেশিন ছাড়া এই বিশাল ও শক্ত বাঁধ কেটে পানি নিষ্কাশন স্বাভাবিক করা অসম্ভব।
চর কাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন আর রশীদ বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমরা চৌকিদারসহ ঘটনাস্থলে গেলে মুসলিম ও তার ছেলে নুরুল আমিন বাঁধ কাটতে বাধা দেন। সরকারি লাখ লাখ টাকা খরচ করে খালটি খনন করার পর তারা এটি আবার বন্ধ করে দিয়েছেন।
অভিযুক্ত নুরুল আমিন দাবি করেন, আমাদের জায়গায় আমরা বাঁধ দেবো, কেউ আমাদের ঠেকাতে পারবে না। অন্য অভিযুক্ত বৃদ্ধ মো. মুসলিম দাবি করেন, ২০১৬ সালে জমিটি কেনার সুবাদে এটি তাদের সম্পত্তি, যে কারণে তারা সেখানে বাঁধ দিয়েছেন।
কমলনগর থানার এসআই মো. ফারুক জানান, নারীরা এসে বাধা দেওয়ায় এবং পর্যাপ্ত নারী পুলিশ না থাকায় তাৎক্ষণিকভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী মো. নয়ন জানান, কাজ করার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত উজ জামান জানান, সরকারি খাল দখলের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখতে অবিলম্বে ভারী যন্ত্রের সাহায্যে এই অবৈধ বাঁধ সম্পূর্ণ কেটে অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল।
সময়ের আলো/আতা