গোপালগঞ্জ সদর থানা। ছবি : সময়ের আলোনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ১৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ওই কর্মকর্তা বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন ।
তারা সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শহরের লঞ্চঘাট, বিসিক ব্রিজ, এলজিইডি মোড়, মান্দারতলা, বেদগ্রাম বিশ্বরোড, পল্লীবিদ্যুৎ মোড়, সদর উপজেলার কাঠিসহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া তারা কাভার্ডভ্যান, বাস, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ সহিংস ঘটনা ঘটায় ।
ওই দিন ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্নস্থানে গাছ কেটে সড়কে ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে । এতে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। জনমনে দেখা দেয় আতঙ্ক।
সোমবার রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ওই দিন রাতে রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
সময়ের আলো/আতা