সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি : সময়ের আলোসংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, যারা একসময় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা ও সমতার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবেননি। অথচ শিক্ষা ও সমতা ছাড়া কোনো জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। যারা এসব বিষয় নিয়ে ভাবেননি, তারা মূলত জাতির অগ্রগতি চাননি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের জাগরণে অসামান্য অবদান রেখেছেন। তিনি শুধু কবি বা ঔপন্যাসিক ছিলেন না, ছিলেন নাট্যকার, কথাশিল্পী, সাংবাদিক ও প্রমোদ রসিক। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তিনি আমাদের সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত স্থানকে ঐতিহ্যবাহী সম্পদ বা ‘হেরিটেজ প্রপার্টি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা অ্যাকাডেমির উদ্যোগে প্রতিবছর এখানেই তার জন্মবার্ষিকী পালন করা হয়। ঢাকায়ও এ আয়োজন করা সম্ভব। তবে যেখানে তার স্মৃতি ও সমাধি রয়েছে, সেখানেই দিবসটি উদ্যাপনের বিশেষ গুরুত্ব রয়েছে।
তিনি আরও বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের মধ্যে মীর মশাররফ হোসেনের স্মৃতি ও সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এই অঞ্চলের মানুষের মধ্যে তার স্মৃতি চিরজীবন্ত রাখাই তাদের মূল লক্ষ্য।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ এবং বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এতে স্বাগত বক্তব্য দেন বাংলা অ্যাকাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
এ ছাড়া মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলা অ্যাকাডেমির প্রতিনিধিরা, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলমসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ অতিথিরা মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন মন্ত্রী।
জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী মেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সময়ের আলো/জোই