সিডরে ঘর হারিয়ে ১৯ বছর পলিথিনের ছাউনিতে জেলে জলিলের সংসার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি মাথায় নিয়ে বছরের ছয় মাস কাটে গভীর সাগরে। মাছ ধরার ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করে

2026-11-13T12:58:54+00:00
2026-11-13T12:58:54+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিডরে ঘর হারিয়ে ১৯ বছর পলিথিনের ছাউনিতে জেলে জলিলের সংসার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম 
জরাজীর্ণ ঘরেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন জেলে জলিল ফকির। ছবি : সময়ের আলো
ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি মাথায় নিয়ে বছরের ছয় মাস কাটে গভীর সাগরে। মাছ ধরার ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করে যে আয় হয়, তা দিয়ে কোনোমতে চলে সংসার। অথচ নিজের পরিবারের জন্য নিরাপদ একটি ঘর নির্মাণের সামর্থ্য নেই বাগেরহাটের মোরেলগঞ্জের জেলে জলিল ফকিরের। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বসতঘর হারানোর পর থেকে পলিথিন টাঙানো গোলপাতার ছাউনির জরাজীর্ণ ঘরেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন তিনি।

সরেজমিনে জানা গেছে, মোরেলগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া গ্রামের বাসিন্দা জলিল ফকিরের বয়স ৩৮ বছর। পৈতৃক সূত্রে পাওয়া মাত্র চার শতক জমিই তার সম্বল। সেই জমিতে গোলপাতার ছাউনি দেওয়া একটি ছোট ঘরে স্ত্রী রেশমা বেগম ও ছেলেকে নিয়ে বসবাস করছেন তিনি। মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে তার ১১ বছর বয়সী ছেলে রিফাত হাসান স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।


জলিল ফকির প্রায় ২৭ বছর ধরে ট্রলারমালিকদের সঙ্গে বেতন চুক্তিতে জেলে শ্রমিক হিসেবে কাজ করছেন। বছরের প্রায় ছয় মাস তাকে গভীর সাগরে মাছ ধরতে হয়। বাকি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা ও কাজের অভাবে অনেকটা বেকার থাকতে হয়। এ আয় দিয়ে সংসারের খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় তাকে। ঘর নির্মাণের সামর্থ্য আর হয়ে ওঠে না।

জলিল ফকির বলেন, বাবার কাছ থেকে পাওয়া সামান্য জমিতে বসতঘরটুকুই তার সম্বল। বছরের ছয় মাস মাছ ধরতে সাগরে থাকতে হয়। যে বেতন পান, তা দিয়ে সংসার চলে না। আবার মাছ ধরার নিষেধাজ্ঞার সময় বসে থাকতে হয়। পেটে খাবার জোগাড় করবেন, নাকি ঘর তৈরি করবেন—এমন পরিস্থিতিতে নতুন ঘর নির্মাণের সামর্থ্য নেই। সরকারি সহায়তায় একটি ঘর পেলে পরিবার নিয়ে কিছুটা স্বস্তিতে থাকতে পারতেন।


তার স্ত্রী রেশমা বেগম বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলেই সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। পলিথিনের ছাউনি উড়ে গেলে ঘরে পানি ঢুকে পড়ে। বিছানাপত্র ও কাপড়চোপড় ভিজে যায়। অনেক রাত নির্ঘুম কাটাতে হয়। বসবাসের উপযোগী একটি ঘর পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে জলিল ফকিরের পরিবার। তাদের নিজস্ব সামর্থ্যে ঘর নির্মাণের সুযোগ নেই। তাই পরিবারটির দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগে একটি বসতঘর নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাগেরহাট  মোরেলগঞ্জ  জেলে পরিবার  জলিল ফকির  ঘূর্ণিঝড় সিডর  মানবেতর জীবন  দারিদ্র্য  সরকারি সহায়তা  ভাইজোড়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: