কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন

2026-11-13T12:12:55+00:00
2026-11-13T12:12:55+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লাগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ার পর থেকেই যান চলাচলে বিঘ্ন ঘটে। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কোথাও থেমে থেমে, আবার কোথাও অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, জামালদী এলাকা থেকে তিনি যানজটে পড়েছেন। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।


বাসচালক আলী আকবর বলেন, বালুয়াকান্দি এলাকা থেকে যানজট শুরু হয়েছে। ভাটেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে তার প্রায় এক ঘণ্টা লেগেছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও। এক বাসযাত্রী জানান, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটির দিনে পারিবারিক প্রয়োজন কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে গ্রামের বাড়িতে যেতে হয়। ছুটি শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিবারই দুর্ভোগে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরিয়ে নিতে কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের কারণে দীর্ঘদিন ধরেই যাত্রী ও পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত বিকল যানবাহন সরানো এবং মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  মুন্সীগঞ্জ  গজারিয়া  যানজট  মেঘনা-গোমতী সেতু  কাভার্ড ভ্যান  দাউদকান্দি  ভবেরচর হাইওয়ে পুলিশ  সড়ক দুর্ভোগ  ঈদ ও ছুটির যাত্রা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: