প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫২ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১১:২২ এএম
তাবাসসুম গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের পোড়া ঘর দেখাচ্ছেন। ছবি : সময়ের আলো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন নুসরাত তাবাসসুম নিজেই।
মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এজাহারভুক্ত আট আসামিসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে এতে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংসদ সদস্য তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত করা হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/জোই